সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে কেন গণঅভ্যুত্থান হয় না?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ এএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গণঅভ্যুত্থানের ইতিহাস থাকলেও ভারতে এমন নজির নেই। আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলন কিংবা রাজপথে ককরোচদের বিক্ষোভও সরকার পতনে রূপ নেয়নি। শক্তিশালী সাংবিধানিক ভিত্তি, অনেকটা নিরপেক্ষ নির্বাচন আর ক্ষমতার বিকেন্দ্রীকরণই এর মূল কারণ বলে মনে করেন বিশ্লেষকরা।

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে গণঅভ্যুত্থান ও আকস্মিক সরকার পতনের ঘটনা নতুন নয়। তবে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক রাজনৈতিক অস্থিরতা দেখা গেলেও ভারতে এ ধরনের পরিস্থিতি তৈরি হয় না। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, দেশটির মজবুত রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণেই গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের মত ঘটনা ঘটে না।

ভারতে গণঅভ্যুত্থান না হওয়ার অন্যতম প্রধান কারণ এর শক্তিশালী গণতান্ত্রিক ও নির্বাচনী ব্যবস্থা। স্বাধীনতার পর থেকে দেশটিতে নিয়মিত এবং অনেকটাই গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। নাগরিকরা যখন ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন বা নিজেদের অসন্তোষ প্রকাশের সাংবিধানিক সুযোগ পায়, তখন রাজপথে আন্দোলন করে অসাংবিধানিক উপায়ে সরকার ফেলার প্রবণতা অনেকটাই কমে যায় বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতে ১৯৭৪ সালের জেপি আন্দোলন, ১৯৯০ এর মণ্ডল কমিশন-বিরোধী ক্ষোভ, ২০১১ সালের আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলন কিংবা সবশেষ চলতি বছরের প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে টানা আন্দোলন পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। তবে রাজপথে কোটি মানুষের বিক্ষোভও সরকার পতনে রূপ নেয়নি। দেশটির বিশাল জনসংখ্যা, সামাজিক বিভাজন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যও একক কোনো জাতীয় অভ্যুত্থান গড়ে তোলার পথে বড় প্রতিবন্ধক। ভাষা, ধর্ম, জাতি ও বর্ণভিত্তিক পার্থক্যের কারণে পুরো দেশের মানুষকে একটি মাত্র ইস্যুতে বা এক ছাতার নিচে এনে বিশাল আন্দোলন গড়ে তোলা অত্যন্ত কঠিন। এক অঞ্চলের দাবির সাথে অন্য অঞ্চলের বাস্তবতার মিল থাকে না। ভারত বিশাল এবং বহু রাজ্যে বিভক্ত দেশ হওয়ায় এক রাজ্যের রাজনৈতিক সংকট বা ক্ষোভ অন্য রাজ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে না। এছাড়া বিচারবিভাগ, নির্বাচন কমিশন এবং বিশেষ করে সামরিক বাহিনীর রাজনৈতিক নিরপেক্ষতা দেশটির স্থিতিশীলতা বজায় রেখেছে। সশস্ত্র বাহিনী কখনো রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে জড়ায়নি। ফলে গণঅভ্যুত্থানের মত ঘটনার সাক্ষীও হয়নি ভারত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারতে জুলাই আন্দোলন