বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘেরাও করে সাক্ষাৎ মিলল না কারো, সচিবালয় ছাড়লেন ১১ দলের নেতারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৩:৪২ পিএম
সচিবালয়ের সামনে ১১ দলীয় জোটের অবস্থান। ছবি: সংগৃহীত
expand
সচিবালয়ের সামনে ১১ দলীয় জোটের অবস্থান। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সচিবালয় ঘেরাও করলেও সরকারের পক্ষ থেকে কারো সাক্ষাৎ না পেয়ে ফিরে গেলেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়।

পরে সচিবালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের বাধার মুখে পড়ে প্রায় ৪৫ মিনিট অবস্থান করার পর স্মারকলিপি না দিয়েই দুপুর দেড়টার দিকে স্থান ত্যাগ করেন জোটের শীর্ষ নেতারা।

পুলিশের অনুরোধে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েই সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি।’

সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি এসে দাবিগুলো গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলছিলেন, ‘যদি আমাদের এই মিছিল থামাতে চান, তাহলে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই। তারা যদি জনগণের দাবি বাস্তবায়নে সফল হন, আমরা তাদের ধন্যবাদ দেব। কিন্তু ব্যর্থ হলে আমরা বসে থাকব না। আন্দোলনের পর আন্দোলন, কর্মসূচির পর কর্মসূচি চলতেই থাকবে।’

‘সম্মানের সঙ্গে সরকারের প্রতিনিধির হাতে আমাদের দাবি তুলে দিতে চাই। এজন্য আমরা এখানে ১০ মিনিট অপেক্ষা করব। এই সময়ের মধ্যে কেউ না এলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব’, প্রতিনিধির জন্য সময় বেঁধে দেন ডা. শফিকুর রহমান।

এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রতি আন্দোলনকারীদের বক্তব্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি।

তবে বেঁধে দেওয়া সময়ের চেয়ে বেশি অর্থাৎ প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পরও সরকারের পক্ষ থেকে কেউ বেরিয়ে এসে কথা বলেননি বা স্মারকলিপি গ্রহণ করেননি। ফলে স্মারকলিপি না দিয়েই বেলা দেড়টার দিকে সচিবালয়ের গেট এলাকা ত্যাগ করেন জোটের নেতারা।

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোটের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে বেলা ১২টা ৪০ মিনিটে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে নেতাকর্মীদের নিয়ে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন জোটের নেতারা। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন