সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব পেয়ে শিক্ষা সংস্কারের অঙ্গীকার প্রহ্লাদ জোশীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:০৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি শিক্ষা ব্যবস্থা সংস্কারের পাশাপাশি নিষ্ঠার সঙ্গে নতুন দায়িত্ব পালনের বার্তা দিয়েছেন।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রকাশ্য বক্তব্যে প্রধানমন্ত্রী মোদিকে তার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান জোশী। তিনি বলেন, নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তিনি দায়িত্ব পালন করবেন। দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘কর্তব্যবোধ ও বিনয়ের সঙ্গে আমি এই দায়িত্ব গ্রহণ করছি। আমার ওপর আস্থা রাখায় আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’

শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের কাজের কথা তুলে ধরে জোশী বলেন, গত ১২ বছরে মোদি সরকার অনেক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। তিনি তার পূর্বসূরি ধর্মেন্দ্র প্রধানের ভূয়সী প্রশংসাও করেন। বিশেষ করে জাতীয় শিক্ষা নীতি (এনইপি) বাস্তবায়নে তার অবদানের কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের গত ১২ বছরে বহু মাইলস্টোন অর্জিত হয়েছে। গত চার থেকে পাঁচ বছরে ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়ন করেছেন এবং এ সময় শিক্ষা খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়া হয়েছে।’

জোশীর মতে, এসব সংস্কার দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে সহায়তা করেছে এবং ভবিষ্যতেও শিক্ষা মন্ত্রণালয়ের কাজের ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘নতুন শিক্ষা ব্যবস্থায় দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’

প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় তিনি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে নতুন দায়িত্ব পালন করবেন। তার ভাষায়, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।’

এর আগে আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় জোশীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও প্রহ্লাদ জোশীর হাতে তুলে দেয়া হয়।

বর্তমানে প্রহ্লাদ জোশী কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারতে জুলাই আন্দোলন