মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মঞ্চে উঠেই মাইক্রোফোন নিয়ে ব্যস্ত, ভাইরাল ভিডিওতে মজেছেন নেটিজেনরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল এবার কোনো রাজনৈতিক বক্তব্যের কারণে নয়, বরং সংবাদ সম্মেলনের আগে মাইক্রোফোন সাজানোর এক অদ্ভুত দৃশ্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ দৃশ্য প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি এদিরনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওজেল। এ সময় পোডিয়ামে রাখা মাইক্রোফোনগুলো অসমান ও বেখাপ্পাভাবে সাজানো দেখতে পান তিনি। বক্তব্য শুরু না করে সেগুলো ঠিক করতেই মনোযোগ দেন।

প্রায় ৫০ সেকেন্ড ধরে একে একে মাইক্রোফোনগুলোর অবস্থান ও কোণ ঠিক করতে থাকেন ওজেল। একটি সরানোর পর আরেকটি সামান্য ঘুরিয়ে দেন, এরপর আবারও সূক্ষ্মভাবে জায়গা পরিবর্তন করেন।

তবে প্রাথমিকভাবে সাজানোর পরও থামেননি তিনি। শেষ পর্যন্ত মাইক্রোফোনগুলোকে একটি পরিপাটি ও সমান্তরাল সারিতে আনার পরই সন্তুষ্ট হন তিনি।

ওজেলের এই খুঁতখুঁতে আচরণের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে মজা করে মন্তব্য করেন, তার ‘ভেতরের পারফেকশনিস্ট’ যেন জেগে উঠেছিল। কেউ কেউ আবার নিজেদের ছোটখাটো ‘অর্থহীন’ খুঁতখুঁতে অভ্যাসের সঙ্গে ঘটনাটির মিল খুঁজে পান।

এক ব্যবহারকারী রসিকতা করে বলেন, ওজেলের প্রযুক্তিগত গ্যাজেটের প্রতি ‘তীব্র আসক্তি’ রয়েছে।

আরেকজন জানান, সবকিছু পরিপাটি ও সুন্দর রাখার এমন অভ্যাস তারও আছে।

তৃতীয় একজন নিজেকে ‘কন্যা রাশি’র মানুষ উল্লেখ করে মাইক্রোফোনের রঙ ও বিন্যাস নিয়েও মজার বিশ্লেষণ করেন।

গুরুগম্ভীর রাজনৈতিক সংবাদ সম্মেলনের আগে ওজেলের প্রায় এক মিনিটের এই মাইক্রোফোন-সাজানোর দৃশ্যই এখন নেটিজেনদের বিনোদনের খোরাক হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank