

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপের পর পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস পাওয়া বাংলাদেশ এবার কাজাখস্তানকেও বড় ব্যবধানে হারিয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে ৪-০ গোলে জিতে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই দুইবার কাজাখস্তানের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। দ্রুত দুই গোল পাওয়ার পর প্রতিপক্ষের ওপর চাপ আরও বাড়াতে থাকে বাংলাদেশের মেয়েরা।
দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য আর কোনো গোল হয়নি। বিরতির পর তৃতীয় কোয়ার্টারেও গোলের দেখা পায়নি দুই দল। ফলে শেষ ১৫ মিনিটে ২-০ ব্যবধান নিয়েই নামে বাংলাদেশ।
শেষ কোয়ার্টারে অবশ্য আর কোনো অনিশ্চয়তা রাখেনি লাল-সবুজের দল। আরও দুই গোল করে ব্যবধান ৪-০ করে ফেলে তারা। বাংলাদেশের হয়ে রিমন দুটি গোল করেন। লিজা ও লিমা করেন একটি করে গোল।
এই জয়ের আগে টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটাও ছিল দারুণ। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে দলটি। কাজাখস্তানের বিপক্ষে বড় জয় সেই ধারাবাহিকতাই আরও শক্ত করেছে।
গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ হংকংয়ের বিপক্ষে। চ্যালেঞ্জার গ্রুপে বাংলাদেশের চূড়ান্ত অবস্থানের ওপর নির্ভর করবে পরবর্তী ধাপে এলিট গ্রুপের কোন দলের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে।
এদিকে নারী দলের সাফল্যের দিনে পুরুষ দলের সামনে অবশ্য ভিন্ন চ্যালেঞ্জ। অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশের পুরুষ দল। মঙ্গলবার বিকেলে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। জয় দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে লাল-সবুজের পুরুষ দলের।


