রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাসফর থেকে ফেরার পথে উগান্ডায় বাস দুর্ঘটনা, নিহত ২১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৬:৫২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শিক্ষাসফরের আনন্দ মুহূর্তেই রূপ নিল শোকে। উগান্ডার পূর্বাঞ্চলে ভ্রমণ শেষে স্কুলে ফেরার পথে একটি বাস সড়ক দুর্ঘটনায় পড়লে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ২০ জনই স্কুলশিক্ষার্থী বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শুক্রবার স্থানীয় সময় উগান্ডা পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুলের একদল শিক্ষার্থী কাপচোরওয়া জেলার সিপি ফলস এলাকায় শিক্ষাসফর শেষে বাসে করে ফিরছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২০ শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্ক। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ভাষ্য, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে যানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসটির ক্ষতিগ্রস্ত অবস্থার ছবি প্রকাশ করেছে উগান্ডা পুলিশ। ছবিতে দেখা যায়, সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ ব্যাপকভাবে দুমড়ে-মুচড়ে গেছে।

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় সড়ক দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই একটি বড় জননিরাপত্তা সমস্যা। বিশেষজ্ঞদের মতে, দুর্বল সড়ক অবকাঠামো, যানবাহনের ত্রুটি, অতিরিক্ত গতি এবং নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

এর আগেও এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত বছরের অক্টোবরে একটি মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪৬ জন নিহত হন। আর সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে উগান্ডায় ৪ হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় মোট ৫ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Argentina
Scheduled
20 Jul, 01:00 AM
VS
World Cup