

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশজুড়ে শীতের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। একই সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটগ্রহণের দিনে আবহাওয়া কেমন থাকবে-এ বিষয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নির্বাচনের দিন দেশের সার্বিক আবহাওয়া ভোটগ্রহণের জন্য অনুকূল থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বিস্তৃতি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির কারণে দেশের আবহাওয়া স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ভোটের দিন সকাল পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কিছুটা শীত অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আবহাওয়া স্বস্তিদায়ক থেকে হালকা উষ্ণ হতে পারে।
এছাড়া দেশের কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলে জানিয়েছে অধিদপ্তর। পরিষ্কার বা আংশিক মেঘমুক্ত আকাশের কারণে দিনের বেশিরভাগ সময় রোদেলা আবহাওয়া বিরাজ করবে।
তবে রাত ও ভোরের সময় দেশের পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা শীত অনুভূত হতে পারে।
এ সময় রাতের তাপমাত্রা সাধারণভাবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। শ্রীমঙ্গল অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
দিনের বেলায় দেশের প্রায় সব এলাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, ফলে আবহাওয়া থাকবে তুলনামূলক আরামদায়ক।
আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস অনুযায়ী, আসন্ন নির্বাচনের দিন আবহাওয়া বড় ধরনের কোনো প্রতিকূলতা তৈরি করবে না বলেই ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন

