

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তির প্রমাণ দিচ্ছে আর্জেন্টিনা। শুরুর একাদশে মেসি না থাকলেও প্রথমার্ধজুড়ে দাপট দেখিয়েছে আলবিসেলেস্তেরা।
বুধবার (১০ জুন) আইসল্যান্ডের বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামা দলটি প্রথমার্ধ শেষ করেছে ১-০ গোল ব্যবধানে এগিয়ে থেকে।
ম্যাচের একমাত্র গোলটি আসে ভ্যালেন্টিন বারকোর পা থেকে। মাত্র অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন এই তরুণ মিডফিল্ডার।
তবে ম্যাচের শুরুতেই বড় সুযোগ পেয়েছিল আইসল্যান্ড। আর্জেন্টিনার আক্রমণ থেকে বল হারানোর পর দ্রুত পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি হয়, কিন্তু কাছ থেকে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে স্বস্তি পায় আলবিসেলেস্তেরা।
সেই মুহূর্তের পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় আর্জেন্টিনা। মাঝমাঠে বল দখল রেখে ধৈর্য ধরে আক্রমণ সাজাতে থাকে তারা। উচ্চ প্রেসিংয়ের মাধ্যমে আইসল্যান্ডকে স্বাভাবিক খেলায় ফিরতে দেয়নি স্কালোনির দল।
আক্রমণভাগে সবচেয়ে সক্রিয় ছিলেন নিকো পাজ। তার গতি ও পাসিং বারবার আইসল্যান্ডের রক্ষণে চাপ তৈরি করে। একবার লোপেসকে লক্ষ্য করে দেওয়া নিখুঁত পাস গোলের সুযোগ তৈরি করতে পারেনি, আর বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের শেষ দিকে আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আর্জেন্টিনা। তবে সিমিওনের শট রুখে দেন গোলরক্ষক, আর নিকো পাজের আরেকটি প্রচেষ্টাও ব্যর্থ হয়।
সব মিলিয়ে প্রথমার্ধে বলের দখল, আক্রমণের সংখ্যা এবং ম্যাচের নিয়ন্ত্রণ সব দিক থেকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। মেসিহীন একাদশ নিয়েও বিশ্বচ্যাম্পিয়নদের খেলায় দেখা গেছে আত্মবিশ্বাস ও পরিপক্বতার ছাপ। তবে আইসল্যান্ড শুরুতেই যে সতর্কবার্তা দিয়েছিল, তাতে দ্বিতীয়ার্ধে স্কালোনির দলের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।
