মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পরপর দু'বার বিশ্বকাপ জিতেছিলো যে দল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৩:০৬ পিএম আপডেট : ০৯ জুন ২০২৬, ০৪:২৩ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে শিরোপা জেতা যেমন যেকোনো দলের জন্য সর্বোচ্চ আরাধ্য, তেমনি সেই শিরোপা ধরে রাখা বা টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়া ফুটবল ইতিহাসের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি।

১৯৩০ সালে শুরু হওয়া এই মহাযজ্ঞের ৯৬ বছরের ইতিহাসে এ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি আসরের মধ্যে মাত্র দুটি দেশ এই অনন্য ও গৌরবময় কীর্তি গড়তে পেরেছে: ইতালি এবং ব্রাজিল। আধুনিক ফুটবলের তীব্র প্রতিযোগিতা আর কৌশলের যুগে এই রেকর্ড আজও অক্ষুণ্ন রয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম টানা দুইবার শিরোপা জয়ের রেকর্ডটি গড়েছিল ইতালি। ১৯৩৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বকাপে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পায় তারা।

এর ঠিক চার বছর পর, ১৯৩৮ সালে ফ্রান্সের মাটিতে ফাইনালে হাঙ্গেরিকে ৪-২ ব্যবধানে হারিয়ে তৎকালীন কোচ ভিত্তোরিও পোজোর অধীনে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আজ্জুরিরা।

ইতালির এই রেকর্ডের ২৪ বছর পর ফুটবলবিশ্ব সাক্ষী হয় ‘সেলেসাও’দের জাদুকরী উত্থানের। ১৯৫৮ সালে সুইডেনের মাটিতে মাত্র ১৭ বছর বয়সী তরুণ পেলের হাত ধরে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল

এরপর ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে পেলে টুর্নামেন্টের শুরুতে চোট পেয়ে ছিটকে গেলেও, গারিঞ্চার অবিশ্বাস্য নৈপুণ্যে ফাইনালে চেকোস্লোভাকিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি নিজেদের করে নেয় সাম্বা কিংরা।

আধুনিক ফুটবলে তীব্র প্রতিযোগিতা এবং ট্যাকটিক্যাল পরিবর্তনের কারণে শিরোপা ধরে রাখা চরম হাহাকারের নাম। ইতালি ও ব্রাজিলের পর আর কোনো দেশ এই কীর্তির পুনরাবৃত্তি করতে পারেনি, যা তাদের এই সাফল্যকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও অমর অধ্যায় হিসেবে টিকিয়ে রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন