

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবী, শিক্ষার্থী এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত জনগোষ্ঠীকে কেন্দ্র করে একাধিক নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের আলোচিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রথম ধাপের জন্য বাজেটে প্রাথমিক বরাদ্দ রাখা হচ্ছে।
শিক্ষা খাতে এবার গুরুত্ব পাচ্ছে প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষকদের প্রযুক্তিনির্ভর পাঠদানে উৎসাহিত করতে শুরু হচ্ছে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি।
বিশ্ববাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষা শিক্ষার ওপরও জোর দেওয়া হচ্ছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষা শেখাকে বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া বিদেশি ভাষা শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পেতে পারবেন বলে জানা গেছে।
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। সম্ভাব্য রাজস্ব ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা পূরণে বৈদেশিক ও অভ্যন্তরীণ—উভয় উৎসের ওপর নির্ভর করার পরিকল্পনা রয়েছে।
সামাজিক সুরক্ষা খাতেও বাড়ছে গুরুত্ব। মোট বাজেটের প্রায় ৩০ শতাংশ এ খাতে বরাদ্দ রাখার চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে মেট্রোরেলের ওপর ভ্যাট অব্যাহতির সুবিধা ২০২৮ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে। একই সঙ্গে দেশীয়ভাবে উৎপাদিত মদের ওপর প্রতি লিটারে ৫০০ টাকা হারে নতুন ভ্যাট আরোপ করা হতে পারে।
