

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের ফাইনালের আগে নিজের সাবেক সতীর্থদের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া।
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো দলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ডি মারিয়া লিখেছেন, ‘আমরা আর কিছুই চাইতে পারি না। ফুটবল এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করেছ, তার জন্য সারা জীবন শুধু কৃতজ্ঞ থাকব। গত পাঁচ-ছয় বছর ধরে আমরা গৌরব, আবেগ আর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করছি। আর সবই সম্ভব হয়েছে তোমাদের কারণে।’
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে কোচ লিওনেল স্কালোনির দলও একটি বিশেষ কীর্তি গড়েছে। কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হিসেবে স্কালোনি টানা দুইটি বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছেন। বিলার্দোর অধীনে আর্জেন্টিনা ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে টানা দুইবার ফাইনাল খেলেছিল।
নিজের বার্তায় বর্তমান প্রজন্মের ফুটবলারদেরও প্রশংসায় ভাসিয়েছেন ডি মারিয়া। তিনি লিখেছেন, ‘এটি এমন এক প্রজন্ম, যারা জাতীয় দলের জার্সি পরার মর্যাদা বুঝেছে। বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো চাপের কাছে তারা কখনো মাথা নত করেনি।
আমি শুধু বলতে চাই, আরেকটি ফাইনাল উপহার দেওয়ার জন্য এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’
২০২১ সালের পর থেকে আর্জেন্টিনা চারটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে এবং প্রতিটিতেই শিরোপা জিতেছে। এর মধ্যে রয়েছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং একই বছরের ফিনালিসিমা।
এই সাফল্যগুলোর প্রতিটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডি মারিয়ার। জাতীয় দলের হয়ে তিনি গুরুত্বপূর্ণ সময়ে গোল করেছেন, পেনাল্টি আদায় করেছেন এবং শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন।
২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারানোর ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার শেষ ম্যাচ। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি দেশের হয়ে সম্ভাব্য সব বড় শিরোপা জিতে বিদায় নেন।
এবারের বিশ্বকাপ ফাইনালে আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল।
