

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে হারার পর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। বিতর্কিত সিদ্ধান্তগুলোর তদন্ত চেয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দ্বারস্থ হয়েছে তারা।
ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে শেষ দিকে দারুণ ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই নাটকীয় হারের পর থেকেই রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে আসছে মিসর শিবির।
ম্যাচ শেষে মিসরের কোচ হোসেম হাসান অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ সময়ে নেওয়া কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। তার দাবি, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে ঘিরে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। দলের ফরোয়ার্ড মোস্তাফা জিকোও ম্যাচ পরিচালনার সমালোচনা করেন।
এরপর বিষয়টি আনুষ্ঠানিক পর্যায়ে নিয়ে যায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ জানান, ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারীদের ভূমিকা নিয়ে ফিফার কাছে অভিযোগ পাঠানো হয়েছে।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে রেফারিংয়ের বিষয়টি পর্যালোচনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ওই রেফারি ও তার দলের সদস্যদের বিশ্বকাপের পরবর্তী ম্যাচে দায়িত্ব না দেওয়ার অনুরোধও করা হয়েছে।
মিসরের অভিযোগ, ম্যাচে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। তাদের একটি গোল ভিডিও সহকারী রেফারির পরামর্শে বাতিল করা হয়। এছাড়া আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য পেনাল্টির দাবিও ভিএআরে পর্যালোচনা করা হয়নি বলে দাবি করেছে তারা।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের ভাষ্য, এসব সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। এখন ফিফা অভিযোগটি কীভাবে বিবেচনা করে, তা নিয়েই অপেক্ষা ফুটবল মহলের।

