শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরওয়ের বিপক্ষে নেইমার খেলবেন কিনা, জানালেন ব্রাজিল কোচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

তিনি জানান, দীর্ঘদিনের চোট কাটিয়ে নেইমার এখন পুরোপুরি ফিট। তবে তারকা ফরোয়ার্ড শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে রাজি হননি ইতালিয়ান এই কোচ।

নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলতে পারবে। যখন আমি মনে করব দলের তাকে প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাব। তবে হ্যাঁ, সে ৯০ মিনিট খেলার মতো পুরোপুরি ফিট।

তিনি জানান, ডান পায়ের কাফ মাসলের চোট থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন নেইমার। মে মাস থেকে এই সমস্যায় ভুগছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। সে কারণে সাম্প্রতিক সময়ে নিয়মিত খেলতে পারেননি এবং জাপানের বিপক্ষে আগের ম্যাচেও পুরো সময় বেঞ্চে বসে থাকতে হয়েছিল তাকে।

নেইমারের মানসিকতা নিয়েও সন্তুষ্ট আনচেলত্তি। তিনি বলেন, সে বেঞ্চে বসে খুশি নয়, কিন্তু পরিস্থিতি খুব ভালোভাবে সামলাচ্ছে। অনুশীলনেও দারুণ পরিশ্রম করছে। নেইমার খুবই শ্রদ্ধাশীল, বিনয়ী এবং সতীর্থদের কাছে ভীষণ প্রিয়। সে দলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। অবশ্যই সে খেলতে চায়। একজন ফুটবলার বেঞ্চে বসে কখনোই খুশি থাকতে পারে না, এটিই স্বাভাবিক।

নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিলকে বাড়তি শক্তি দিলেও নরওয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি। তার মতে, নকআউট পর্বে প্রতিটি ম্যাচই সমান কঠিন।

তিনি বলেন, বিশ্বকাপের এই পর্যায়ে সব ম্যাচই কঠিন। এখানে শুধু কৌশল বা কারিগরি দক্ষতা নয়, মানসিক দৃঢ়তাও বড় ভূমিকা রাখে।

বিশেষভাবে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডেরও প্রশংসা করেন ব্রাজিল কোচ। চলতি বিশ্বকাপে চার ম্যাচে ১০ গোল করা এই ফরোয়ার্ডকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বলে উল্লেখ করেন তিনি।

আনচেলত্তি বলেন, নরওয়ে একটি শক্তিশালী দল। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। হালান্ড বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাদের বিপক্ষে ম্যাচ সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী যে ভালো একটি ম্যাচ খেলতে পারব।

এখন দেখার বিষয়, নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই নকআউট লড়াইয়ে শুরু থেকেই নেইমারের ওপর আস্থা রাখেন কি না আনচেলত্তি, নাকি ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাকে বদলি হিসেবে মাঠে নামান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup