মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারাগুয়ের ম্যাচের আগে ফরাসি শিবিরে দুঃসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট লড়াইয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় অরেলিয়াঁ চুয়ামেনি।

শনিবার (৪ জুলাই) ফরাসি দৈনিক লেকিপ জানায়, শেষ মুহূর্তের অনুশীলনের সময় উরুতে চোট পান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। ফলে প্যারাগুয়ের বিপক্ষে তাকে পাচ্ছে না ফরাসিরা। তার পরিবর্তে শুরুর একাদশে মানু কোনেকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বিশ্বকাপে ফ্রান্সের চার ম্যাচের মধ্যে তিনটিতেই পুরো ৯০ মিনিট খেলেছেন চুয়ামেনি। কেবল গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। ওই ম্যাচেই তার পরিবর্তে মাঠে নেমেছিলেন মানু কোনে।

মধ্যমাঠে চুয়ামেনির অনুপস্থিতি ফরাসি কোচের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বল দখল, রক্ষণভাগকে সুরক্ষা দেওয়া এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে তিনি ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

গ্রুপ ‘আই’-এর সবগুলো ম্যাচ জিতে নকআউট পর্বে জায়গা করে নেয় ফ্রান্স। এরপর রাউন্ড অব ৩২-এ সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ইউরোপের শক্তিশালী দলটি।

এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় শুরু হবে। চুয়ামেনির অনুপস্থিতিতে ফরাসি মিডফিল্ড কতটা ভারসাম্য ধরে রাখতে পারে, সেটিই এখন ম্যাচের অন্যতম আলোচনার বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন