মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়গুলো জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি পেলে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এ বিষয়ে বৈঠক করবে মন্ত্রণালয়।

নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ইসি নির্ধারণ করবে বলে জানান প্রতিমন্ত্রী। ইসির সঙ্গে বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

বৈঠকে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও আলোচনা হয়েছে বলে জানান মীর শাহে আলম।

তিনি বলেন, ঢাকার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ডেনমার্ক সহযোগিতা করবে। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতেও দেশটি সহায়তা দেবে।

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি পরিশোধের ব্যবস্থা থাকায় এ অর্থ সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি করবে না। প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন