মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবারের পর মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রপাত, বজ্রঝড় ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকালের পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ ইস্ট দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, সাউথ ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লিসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ভারী বৃষ্টিতে দিল্লির বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়। কোথাও কোথাও কোমরসমান পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে যান চলাচলও ধীর হয়ে পড়ে এবং রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী গুরগাঁওয়েও ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর ৫, ওল্ড দিল্লি রোড, মেহরৌলি রোড ও বাসাই রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পানি জমে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জলমগ্ন সড়কে স্কুলবাস আটকে আছে। কোথাও কোথাও চালকদের পানির মধ্যে গাড়ি ঠেলে সরিয়ে নিতে হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় গুরগাঁও প্রশাসন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে। স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরের কার্যক্রমেও প্রভাব পড়েছে। সোমবার মোট ১৫টি ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে তিনটি ছিল আন্তর্জাতিক ফ্লাইট। ১২টি ফ্লাইট জয়পুর, দুটি চণ্ডীগড় এবং একটি লখনৌ বিমানবন্দরে অবতরণ করে।

তবে মঙ্গলবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে যাত্রীদের সম্ভাব্য বৈরী আবহাওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

দিল্লিতে আকস্মিক ভারী বৃষ্টির পেছনে দুটি বায়ুপ্রবাহের মিথস্ক্রিয়া কাজ করছে বলে জানিয়েছেন আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত।

তার ব্যাখ্যা অনুযায়ী, একদিকে উত্তর দিক থেকে শুষ্ক বাতাস দিল্লির দিকে প্রবেশ করছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ পূর্বাঞ্চলীয় বাতাস রাজধানীর দিকে আসছে।

এই দুই ধরনের বায়ুর সংযোগের ফলেই দিল্লিতে বজ্রঝড়ের সঙ্গে তীব্র বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় দিল্লিবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে জলাবদ্ধ সড়ক ও বৈরী আবহাওয়ার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন