মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘তিশা আমাকে বাঁচাইও’ কেন আকুতি করছেন দীপা?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম
তানজিন তিশা ও দীপা খন্দকার
expand
তানজিন তিশা ও দীপা খন্দকার

অনলাইন শপিং পেজের প্রচার এবং তারকাদের উপহার দেওয়ার নেপথ্যে থাকা শর্তাবলি নিয়ে ইদানীং মিডিয়াপাড়ায় বেশ চর্চা চলছে। অতি সম্প্রতি অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র কাছ থেকে শাড়ি নেওয়াকে কেন্দ্র করে বিপাকে পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

পেজ কর্তৃপক্ষের দাবি ছিল প্রচার ও মূল্য পরিশোধ সংক্রান্ত, অন্যদিকে তিশার বক্তব্য- শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এ নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা হলে গত ১৩ আগস্ট ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

তানজিন তিশার এই আলোচিত ঘটনার আবহেই সামাজিক মাধ্যমে নতুন একটি অভিজ্ঞতার কথা শেয়ার করে অস্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি এক বান্ধবীর কাছ থেকে শাড়ি উপহার পেয়ে প্রথমটায় বেশ খুশিই হয়েছিলেন তিনি।

তবে সেই আনন্দ ফিকে হয়ে যায় কিছুক্ষণ পরেই, যখন বান্ধবী বার্তা পাঠিয়ে অনুরোধ করেন শাড়িটি পরে ছবি তুলে পাঠাতে, যাতে তারা পেজের প্রচারে তা ব্যবহার করতে পারেন।

শুটিংয়ের শত ব্যস্ততার মাঝেও বান্ধবীর অনুরোধ রাখতে শাড়িটি পরে ছবি তুলে পাঠান দীপা। কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়- পরবর্তীতে সেই পেজটিকে ট্যাগ করে দীপার নিজের ব্যক্তিগত আইডি থেকেই পোস্ট করার নতুন আবদার ভেসে আসে।

পুরো ঘটনাটিকে কৌতুক ও ক্ষোভের মিশেলে উপস্থাপন করে দীপা সামাজিক মাধ্যমে লেখেন, ‘ভয় লাগে, কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দেব!

এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও। এই পোস্টের যুগে আমি কেন ভাই? নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’

দীপার এই পোস্টে রসিকতা করে তানজিন তিশাও মন্তব্যের ঘরে সাড়া দিয়ে লিখেছেন, ‘আপু ভালো একটা কথা বলেছেন! কোনো চিন্তা করবেন না। আমি লড়াই করার জন্য আছি। আল্লাহ ভরসা।’

তারকাদের এই অভিজ্ঞতাগুলো মূলত স্যোশাল মিডিয়া যুগে উপহারের আড়ালে লুকানো প্রচারণার মানসিকতা এবং পেশাদারিত্ব ও সম্পর্কের মধ্যবর্তী টানাপোড়েনকেই সামনে নিয়ে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন