শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড দেখলেন তিনি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:৫৮ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ফুটবলের নিয়মকানুনে সময়ের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন পরিবর্তন। তবে সেই নতুন নিয়মের অধীনে বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম লাল কার্ড দেখার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরন।

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে তুরস্কের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে অদ্ভুত এক ঘটনায় মাঠ ছাড়তে হয় প্যারাগুয়ের এই মিডফিল্ডারকে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখায় নতুন নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড দেখান ম্যাচের রেফারি।

ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে ইউরোপীয় ক্লাব ফুটবলে ঘটে যাওয়া একটি বিতর্কিত ঘটনার পর। প্রতিপক্ষকে উদ্দেশ্য করে মুখ ঢেকে মন্তব্য করার মাধ্যমে অপমানজনক বা বৈষম্যমূলক কথা বলা ঠেকাতে সম্প্রতি কঠোর অবস্থান নেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

নতুন নির্দেশনায় বলা হয়, ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বললে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

তুরস্কের বিপক্ষে ম্যাচে সেই নিয়মের প্রথম শিকার হন আলমিরন। প্রথমার্ধের যোগ করা সময়ে তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের সঙ্গে কথোপকথনের সময় মুখ আড়াল করে কিছু বলতে দেখা যায় তাকে। বিষয়টি সঙ্গে সঙ্গে রেফারির নজরে আনেন মুলদুর।

এরপর ভিডিও সহকারী রেফারির সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করা হয়। ফুটেজে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রেফারি সরাসরি লাল কার্ড প্রদর্শন করেন। ফলে ম্যাচের বাকি সময় দশজন নিয়ে খেলতে বাধ্য হয় প্যারাগুয়ে।

আলমিরনের বহিষ্কারের আগে অবশ্য ম্যাচের শুরুটা ছিল প্যারাগুয়ের জন্য স্বপ্নের মতো। খেলা শুরুর মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা। সেই গোলেই চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়ে প্যারাগুয়ে।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আলমিরনের লাল কার্ড ম্যাচের চিত্র বদলে দেয়। একজন কম নিয়ে খেলতে হওয়ায় দ্বিতীয়ার্ধে প্যারাগুয়েকে বাড়তি চাপ সামলাতে হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup