শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-এমবাপ্পেকে ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড কিংবা হ্যারি কেইনের মতো তারকাদের পেছনে ফেলে ফিফার বিশ্বকাপ পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন ইরানের অভিজ্ঞ রাইট-ব্যাক রামিন রেজায়িয়ান।

৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার বিশ্বকাপে নিজের পারফরম্যান্সের মাধ্যমে অর্জন করেছেন ১৯.৯৩ পয়েন্ট। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পয়েন্ট ১৯.৮৬ হওয়ায় সামান্য ব্যবধানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি।

ফিফা আনুষ্ঠানিকভাবে এই ধরনের মোট পয়েন্ট প্রকাশ না করলেও আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণভাগে অবদান—এই তিন সূচকের ভিত্তিতে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করে এ ধরনের র‍্যাংকিং তৈরি করা হয় বলে জানা যায়।

রেজায়িয়ানের এই উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রাখে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের ২-২ গোলের ড্র ম্যাচটি। ডিফেন্ডার হয়েও সেদিন তিনি আক্রমণাত্মক ভূমিকায় খেলেন। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেন তিনি।

উত্তর ইরানের মাজান্দারানে জন্ম নেওয়া রেজায়িয়ান বর্তমানে ক্লাব ফুটবলে এস্তেগলালের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও ধারে খেলছেন ফুলাদে। ক্যারিয়ারে তিনি ইরানের পার্সিপোলিস, সেপাহান ও এস্তেগলালের পাশাপাশি বেলজিয়ামের কেভি ওস্টেন্দে এবং কাতারের একাধিক ক্লাবেও খেলেছেন।

ডিফেন্ডার হিসেবে পরিচিত হলেও ক্যারিয়ারের বড় অংশে তিনি উইং পজিশনে খেলেছেন। আক্রমণ গড়ে তোলা এবং প্রতিপক্ষের রক্ষণ ভাঙার দক্ষতাই তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর এটি তার তৃতীয় বিশ্বকাপ। ২০১৮ সালে পর্তুগালের বিপক্ষে এবং ২০২২ সালে ওয়েলসের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করে তিনি আলোচনায় আসেন।

মাঠে তার আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক স্টাইলের কারণে ইরানি ফুটবলে তিনি ‘শোম্যান’ হিসেবেও পরিচিত। ফ্রি-কিক নেওয়া, গোল উদযাপন এবং প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো—সব ক্ষেত্রেই তার উপস্থিতি আলাদা করে চোখে পড়ে।

তবে পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা মানে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা পাওয়া নয়। এটি মূলত নির্দিষ্ট ম্যাচভিত্তিক পারফরম্যান্সের পরিসংখ্যানভিত্তিক মূল্যায়ন। তবুও ৩৬ বছর বয়সে ইউরোপের শীর্ষ ক্লাবে না খেলেও বিশ্বমঞ্চে এমন অবস্থান তৈরি করে রেজায়িয়ান দেখিয়েছেন, ফুটবলে চমকের জায়গা এখনো শেষ হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank