

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মরক্কোর জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগের মামলাটি ফৌজদারি আদালতে গড়ানোর পথ আরও স্পষ্ট হয়েছে। ফ্রান্সের ভার্সাই আপিল আদালত তার করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন বলে জানিয়েছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম।
আদালতের এ সিদ্ধান্তের ফলে ২০২৩ সালে দায়ের হওয়া মামলায় ভবিষ্যতে যেকোনো সময় বিচার শুরু হতে পারে। তবে অভিযোগের শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন হাকিমি।
বর্তমানে মরক্কো দলের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যস্ত সময় পার করছেন এই ডিফেন্ডার। এর মধ্যেই আদালতের সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়।
রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকিমি বলেন, তার পরিবার, ব্যক্তিগত জীবন এবং সত্যকে উপেক্ষা করে এমন একটি গল্প প্রচার করা হচ্ছে, যার সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত মনে করেন না। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
মামলার সূত্রপাত ২০২৩ সালের মার্চে। সে সময় ২৪ বছর বয়সী এক নারী প্যারিসের উপকণ্ঠে হাকিমির বাসভবনে তাকে ধর্ষণের অভিযোগ আনেন। অভিযোগের পর প্যারিসের নান্টেরে প্রসিকিউটর কার্যালয় তদন্ত শুরু করে এবং তার বিরুদ্ধে প্রাথমিক আইনি পদক্ষেপ নেওয়া হয়।
বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত রাইট-ব্যাক হাকিমি বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি কোনো অপরাধ করেননি।
তবে মামলার বিচার কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স ভার্সাই আপিল আদালত ও হাকিমির আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা।
