রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্টার্কের ছোবলে কাঁপছে বাংলাদেশ, ২১ রানেই নেই ৬ উইকেট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৮:১২ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের বিধ্বংসী পেস বোলিংয়ের সামনে মাত্র ২১ রানেই ৬ উইকেট হারিয়েছে টাইগাররা।

ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটে জয় নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামা বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাট করতে নামে।

তবে ইনিংসের শুরু থেকেই স্টার্কের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ১৫ বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন দলের প্রথম তিন ব্যাটসম্যান।

প্রথম বলেই বাঁহাতি পেসার মিচেল স্টার্কের আউটসুইংয়ে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন সাদমান ইসলাম।

এরপর তৃতীয় ওভারে আবারও আঘাত হানেন স্টার্ক। ওভারের প্রথম বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে থার্ড স্লিপে বো ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।

ওই ওভারের পরের বলেই ইনসুইঙ্গারে এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে দলের রান খাতায় যোগ হওয়ার আগেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের শীর্ষ তিন ব্যাটসম্যান।

এরপরও স্টার্কের আক্রমণ অব্যাহত থাকে। ফুল লেন্থের বলে ব্যাট এগিয়ে ক্যাচ তুলে দিয়ে মুমিনুল হক ফেরেন। পরে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস।

স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হননি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সামান্য ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফিরে যান মুশফিক। ৪২ বল মোকাবিলা করে মাত্র ৫ রান করেন তিনি।

মুশফিকের বিদায়ের পর উইকেটে আসেন হাসান মাহমুদ। অন্য প্রান্তে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। হাসান মাহমুদ ৮ রানে এবং মিরাজ ১১ রানে ব্যাট করছেন।

এদিকে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করে টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করেছেন মিচেল স্টার্ক। মাত্র ২২ বলেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। গত বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বলে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন স্টার্ক।

এদিনের বোলিং নৈপুণ্যে ডেল স্টেইনের ৪৩৯ টেস্ট উইকেটের রেকর্ডও ছাড়িয়ে গেছেন স্টার্ক। ফলে টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষ পাঁচে উঠে এসেছেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, যার সংগ্রহ ৭০৪ উইকেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৬