শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছরের এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যায়। এ নিয়ে নানা আলোচনা হলেও কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক বলছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি। তার ধারণা, ভয় বা মানসিক চাপ থেকে এমন আচরণ হতে পারে।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় বিষয়টি জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।

জানা গেছে, শিশুটির নাম মুস্তারীন আদ্রিতা। সে ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে। বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো শব্দ করতে এবং অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। এরপর থেকেই ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। তবে সেই বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির পরিবারও এ বিষয়ে প্রকাশ্যে কোনো তথ্য দেয়নি।

স্থানীয় হেলান মজুমদার বলেন, আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেছে আমরা জানতামই না। ভিডিওটি দেখার পরে জানতে পেরেছি। ভুক্তভোগী পরিবারের কেউই বাড়িতে নেই। বর্তমানে আদ্রিতা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি। তবে রাজধানীর কোন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তা বলেতে পারছি না।

ডা. ইকবাল হোসেন বলেন, বিড়ালের আঁচড়ের পর শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও র‍্যাবিসের টিকা দেওয়া হয়েছে। তবে শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ নেই।

শিশুটির বর্তমান আচরণ প্রসঙ্গে ডা. ইকবাল বলেন, ‘মিউ মিউ’ শব্দ করা বা অস্বাভাবিক আচরণ জলাতঙ্কের কারণে হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয় বা মানসিক চাপের কারণেও শিশুর এমন আচরণ হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank