রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাকাই টেস্ট: দ্বিতীয় দিনের সব টিকিটও ‘সোল্ড আউট’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে আগ্রহটা এখন শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। গ্যালারিতেও তার ছাপ স্পষ্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, দ্বিতীয় দিনের জন্য সাধারণ দর্শকদের কোনো টিকিট আর অবিক্রীত নেই।

প্রথম দিনের টিকিট অবশ্য ম্যাচ শুরুর চার দিন আগেই শেষ হয়ে গিয়েছিল। ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের জয় যে অস্ট্রেলিয়ায় সিরিজটির প্রতি আগ্রহ বাড়িয়েছে, টানা দুই দিনের টিকিট বিক্রি হয়ে যাওয়া তারই প্রমাণ। প্রথম টেস্টের ফল বাংলাদেশের প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট মহলের দৃষ্টিভঙ্গিতেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ম্যাকাই টেস্টের প্রথম দিনও ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। এক দিনেই পড়েছে ১৮ উইকেট। মিচেল স্টার্কের আগুনঝরা বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। বাঁহাতি এই পেসার একাই নিয়েছেন ৬ উইকেট।

তবে ব্যাট হাতে বিপর্যয়ের পর বল হাতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শরীফুল ইসলামের দুর্দান্ত স্পেলে অস্ট্রেলিয়া ৪১ রানেই হারায় ৩ উইকেট। শেষ সেশনেও বাংলাদেশের হয়ে আঘাত হানেন এই বাঁহাতি পেসার। ১৪৫ রানে ৪ উইকেট থেকে অস্ট্রেলিয়া মাত্র ৩ রান যোগ করেই হারায় আরও ৪ উইকেট।

দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান। বাংলাদেশের চেয়ে ১০১ রানে এগিয়ে স্বাগতিকেরা। স্কোরকার্ডে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও প্রথম দিনের শেষভাগে শরীফুলের বোলিং বাংলাদেশকে আবারও ম্যাচে ফিরিয়েছে।

ডারউইনের ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইয়েও প্রথম দিনেই জমে উঠেছে দুই দলের লড়াই। মাঠের সেই উত্তেজনার প্রভাব এবার গ্যালারিতেও—টানা দুই দিন দর্শকে পূর্ণ থাকার অপেক্ষায় গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৬