

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ৪০০ জিবি ক্লাউড পরিষেবা ব্যবহার ও চ্যাটবট জেমিনির প্রো সংস্করণ ব্যবহারের সুযোগ দিচ্ছে টেক জায়ান্ট গুগল। শুক্রবার (২১ আগস্ট) ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় এ বিশেষ সুবিধাটি বিশ্বব্যাপী উন্মুক্ত করেছে সিলিকন ভ্যালির এই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি।
অফারটির অধীনে এক বছরের জন্য শিক্ষার্থীরা গুগলের জেমিনি ব্যবহারের সুবিধা, জেমিনিতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজসহ আরও বেশ কিছু নতুন সুবিধা পাবেন। তবে এই একটিমাত্র অফারেই সীমাবদ্ধ থাকছে না গুগল। পাশাপাশি গুগল এআই প্রো এবং ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনে পাচ্ছেন ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন শিক্ষার্থীরা।
কারা পাবেন এই বিশেষ পরিষেবা ব্যবহারের সুযোগ?
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এই অফারটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। তবে সেজন্য তাদের কাছে থাকতে হবে নিজস্ব জি-মেইল একাউন্ট, দেশের স্বীকৃত কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র দরকার হবে। এছাড়া শিক্ষার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।
কীভাবে নেবেন?
প্রথমে ব্রাউজারে আপনার ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট লগইন করে ‘Google One Student Page’’-এ যান। এরপর ‘Get Student Offer’ বাটনে ক্লিক করুন। দেশের নাম Bangladesh সিলেক্ট করুন এবং আপনার বিশ্ববিদ্যালয়ের নাম ও নিজের নাম লিখুন।’
এরপর আপনার স্টুডেন্ট আইডি বা সর্বশেষ সিমেস্টার ফি পরিশোধের পে স্লিপের ছবি আপলোড করে সাবমিট করুন। সমস্ত ডকুমেন্টস আপলোড করা হলে গুগল আপনার তথ্য যাচাই করে কয়েক মিনিটের মধ্যে কনফার্ম করবে।
সবশেষ পেমেন্ট মেথড যোগ করুন। মনে রাখবেন অফারটি সম্পূর্ণ ফ্রি হলেও এক্টিভেট করার জন্য একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে এমন পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এর জন্য আপনি যেকোনো ব্যাংক থেকে ডুয়াল-কারেন্সি ডেবিট/ক্রেডিট কার্ড (পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করা) অথবা কোনো ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, এই ১২ মাসের ট্রায়ালে আপনার কার্ড থেকে কোনো টাকা কাটা হবে না।
তথ্যমতে, জেমিনি প্রো হলো গুগলের তৈরি সবচেয়ে শক্তিশালী এআই মডেলের মধ্যে একটি। মডেলটি দ্রুত এবং নির্ভুল তথ্য জানানোর পাশাপাশি কোডিং, তথ্য বিশ্লেষণ, কঠিন গাণিতিক সমস্যা সমাধান এবং জটিল ধারণাগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে সাহায্য করে। ফলে জেমিনি প্রো ব্যবহার করে সহজেই নির্দিষ্ট বিষয়ে অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনাসহ কুইজ ও বিভিন্ন বিষয়বস্তুর খসড়া তৈরি করা যায়।


