

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ১ সেপ্টেম্বর থেকে কুয়েতে প্রবাসীদের ভিজিট ভিসা এবং দেশের বাইরে অবস্থানের অনুমতির (অ্যাবসেন্স পারমিট) মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর বিশেষ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এর মাধ্যমে বিশেষ এ ব্যবস্থা বাতিল করে আগের নিয়মে ফিরে যাচ্ছে কুয়েত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর কুয়েতের আকাশপথে ব্যাপক বিঘ্ন ঘটে এবং কয়েক সপ্তাহ দেশটির আকাশসীমা বন্ধ ছিল। এতে কুয়েতে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার আন্তর্জাতিক ফ্লাইটে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এ পরিস্থিতিতে প্রবাসীদের সব ধরনের ভিজিট ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হয়েছিল।
একই সময়ে, প্রবাসীরা দেশের বাইরে থাকার অনুমোদিত সময়সীমা পার হয়ে গেলেও যাতে থাকতে পারেন, সে জন্য ‘অ্যাবসেন্স পারমিট’-এর মেয়াদও বাড়ানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে কুয়েতে অবস্থানরত প্রবাসীদের ভিজিট ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর ব্যবস্থা বন্ধ হবে। একই সঙ্গে ২৮ ফেব্রুয়ারির আগে যে নিয়ম কার্যকর ছিল, সেটিও পুনর্বহাল করা হবে।
দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের জন্য দেওয়া বিশেষ মেয়াদ বাড়ানোর সুবিধাও ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হবে। তবে ৩১ আগস্টের মধ্যে যারা কুয়েত ত্যাগ করবেন, তাদের ক্ষেত্রে বিদ্যমান বর্ধিত মেয়াদ কার্যকর থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকারি একীভূত ইলেকট্রনিক সেবা অ্যাপ ‘সাহেল’-এর মাধ্যমে ইস্যু করা আবাসন অনুমতির সনদই অ্যাবসেন্স পারমিটের মেয়াদ শেষ হওয়ার তারিখ নির্ধারণের সরকারি ও অনুমোদিত নথি হিসেবে গণ্য হবে।


