

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নাটকীয় এক ম্যাচ জিতেও শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট কাটতে পারল না পাকিস্তান। শ্রীলঙ্কাকে ৫ রানে হারালেও তাদের প্রয়োজন ছিল অন্তত ৬৫ রানের বড় জয়। সেই সমীকরণ না মেলায় এ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে পাকিস্তান। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহান ও ফখর জামান লঙ্কান বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দেন। পাওয়ারপ্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে তারা।
এরপরও থামেননি দুজন। ৯৫ বলেই গড়ে ওঠে ১৭৮ রানের দারুণ এক জুটি। ফখর ৪২ বলে ৮৪ রানের ঝলমলে ইনিংস খেললেও সেঞ্চুরি পাননি। ফারহান অবশ্য সুযোগ হাতছাড়া করেননি ৬০ বলে পূর্ণ করেন শতক। তবে দুই ওপেনার ফেরার পরই গতি হারায় পাকিস্তানের ইনিংস। শেষ দিকে ধস নামলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১২ রান তোলে তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। মাঝের ওভারে পাভান রাথনায়েকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। ৩৭ বলে ৫৮ রান করে আউট হওয়ার আগে তিনি লড়াইটা জিইয়ে রাখেন।
শেষদিকে ম্যাচ জমিয়ে তোলেন দাসুন শানাকা। ৩১ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংসে জয়ের আশা জাগান তিনি। শেষ ওভারে দরকার ছিল ২৮ রান। শাহীন শাহ আফ্রিদির করা সেই ওভারের প্রথম চার বলেই আসে ২২ রান। সমীকরণ নেমে আসে ২ বলে ৬ রানে। কিন্তু শেষ দুই বলে রান না হওয়ায় থেমে যায় শ্রীলঙ্কার দৌড়।
৫ রানের জয় পেলেও পাকিস্তানের লক্ষ্য পূরণ হয়নি। রান ব্যবধান পিছিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পায় নিউজিল্যান্ড।
