

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ড গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বড় দুঃসংবাদ পেয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার জোহান মানজাম্বিকে পাচ্ছে না ইউরোপের দলটি।
শুক্রবার (১০ জুলাই) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন জানান, মানজাম্বিকে মাঠে ফেরানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করা হলেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে শনিবারের কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা হচ্ছে না।
ইয়াকিন বলেন, মানজাম্বির শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে তিনি এখনও ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাতে পারেননি। এ কারণে ম্যাচ পরিকল্পনায়ও কিছু পরিবর্তন আনতে হবে বলে ইঙ্গিত দেন সুইস কোচ।
চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের আক্রমণভাগের অন্যতম ভরসা ছিলেন মানজাম্বি। টুর্নামেন্টে চার ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে দলের নয় গোলের পাঁচটিতেই সরাসরি অবদান রেখেছেন তিনি।
ইয়াকিন জানান, বাঁ হাঁটুর চোটের কারণে মানজাম্বি এখনও ব্যথা অনুভব করছেন। তাঁর অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি হলেও বাকি খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন কোচ। দলগত পারফরম্যান্স দিয়েই এই ঘাটতি পূরণের চেষ্টা করবেন বলে জানান তিনি।
শেষ ষোলোর আগে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতির সময় বাঁ হাঁটুতে চোট পান মানজাম্বি। চিকিৎসা পরীক্ষায় লিগামেন্টে গুরুতর ক্ষতি ধরা না পড়ায় সুইজারল্যান্ড সেমিফাইনালে উঠতে পারলে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

