

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলমান বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ভিজে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র নষ্ট হওয়ার আশঙ্কা এড়াতে সব পরীক্ষা কেন্দ্রকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এখন থেকে উত্তরপত্র ও ওএমআর শিট ডাকযোগে বোর্ডে পাঠানোর সময় বাধ্যতামূলকভাবে পলিথিনে মুড়িয়ে খাকি কাপড়ের প্যাকেটে সংরক্ষণ করতে হবে।
শুক্রবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী এইচএসসি পরীক্ষার ওএমআর শিট ও উত্তরপত্র খাকি কাপড়ে মুড়িয়ে ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডে পাঠানোর কথা। কিন্তু সম্প্রতি দেখা গেছে, অনেক কেন্দ্র এ নিয়ম যথাযথভাবে অনুসরণ করছে না। কোনো কোনো কেন্দ্র খাকি কাপড় ব্যবহার না করেই উত্তরপত্র পাঠাচ্ছে। আবার অনেক প্যাকেটের গায়ে ‘ওএমআর’ বা ‘উত্তরপত্র’ উল্লেখ করা হচ্ছে না। এতে উত্তরপত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় বর্ষাকালে বৃষ্টির পানিতে উত্তরপত্র যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রথমে ওএমআর শিট ও উত্তরপত্র পলিথিনে সুরক্ষিতভাবে মুড়িয়ে নিতে হবে। এরপর তা খাকি কাপড়ের প্যাকেটে ভরে প্যাকেটের গায়ে স্পষ্টভাবে ‘ওএমআর’ অথবা ‘উত্তরপত্র’ লিখে ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
বোর্ড এ নির্দেশনাকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে। নির্দেশনার অনুলিপি ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।