

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ও হেনস্তার ঘটনায় শিপল মাহবুব বিপ্লব নামের এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত বিপ্লব হামলার একদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে একাধিক ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন। এতে তিনি তার বাড়ি শরিয়তপুর জেলায় বলেও উল্লেখ করেন।
গত সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই, ভাবি ও ছোট ভাতিজির সঙ্গে হাঁটার সময় একদল প্রবাসী বাংলাদেশি ঘিরে ধরে হামলার চালানোর অভিযোগ করেন অভিনেত্রী বাঁধন।
বাঁধনের ফেসবুক লাইভের ভিডিওতে দেখা গেছে, শিপল মাহবুব বিপ্লব পানি ছুড়ে মারছেন বাঁধনের দিকে এবং বারবার ‘জুলাই যোদ্ধা’ বলে সম্বোধন করছেন।
বাঁধনের দাবি, তার ভাই বারবার সঙ্গে শিশু রয়েছে জানিয়ে হামলাকারীদের থামার অনুরোধ করেন। এরপরও হামলা ও হেনস্তা চলতে থাকে। এ সময় বিল্লাল মিয়া নামে আরেক ব্যক্তি তার কানের নিচে আঘাত করেন।
বাঁধন আরও অভিযোগ করেন, তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। একপর্যায়ে তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
অভিনেত্রীর ওপর হামলার আগেরদিন রবিবার (৬ সেপ্টেম্বর) সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন শিপল মাহবুব বিপ্লব। ওই পোস্টে জয়কে ‘ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ করেন তিনি। একই পোস্টে নিজের বাবাকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে জয়ের সঙ্গে কথোপকথন ও ছবি তোলার বিবরণও তুলে ধরেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আরও কিছু ভিডিওতে সজীব ওয়াজেদ জয়কে ভেনিসে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীদের সঙ্গে কথা বলতে এবং ছবি তুলতে দেখা গেছে। ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী, তার সফরটি ব্যক্তিগত ও পারিবারিক ছিল।
বাঁধনের ওপর হামলার একটি ভিডিও শিপল মাহবুব বিপ্লব নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন বলেও দাবি করা হচ্ছে। পরে তিনি সেটি মুছে ফেলেন বলে জানা গেছে। তবে ভিডিওটি কেন মুছে ফেলা হয়েছে এবং হামলার অভিযোগ সম্পর্কে তার বক্তব্যও পাওয়া যায়নি।


