

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানবতার ত্রাণকর্তা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য গভীর তাৎপর্যপূর্ণ।
৫৭০ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে, ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
নবীজীর পিতা আবদুল্লাহ তাঁর জন্মের আগেই মৃত্যুবরণ করেন, আর ছয় বছর বয়সে মাতৃহারা হন তিনি। রাসুলুল্লাহ (সা.)-এর জীবন মানবজাতির জন্য আদর্শ ও পথনির্দেশনা হয়ে আছে যুগ যুগ ধরে।
দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কুরআন তিলাওয়াত, দরুদ পাঠ, নফল নামাজ, দান-সদকা ও রোজা পালনসহ বিভিন্ন ইবাদতে মগ্ন থাকবেন। দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে আজ রাষ্ট্রীয় ছুটি পালিত হচ্ছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে মহানবীর (সা.) শিক্ষা অনুসরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা মুসলিম উম্মাহর ঐক্য দৃঢ়করণের আহ্বান জানিয়ে ইহকাল ও পরকালীন কল্যাণের জন্য নবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের প্রতি গুরুত্বারোপ করেন।
তারেক রহমান তাঁর বার্তায় মহানবীর (সা.) ত্যাগ, শিক্ষা ও আদর্শের আলোকে জীবন গড়ার আহ্বান জানান।
দিবসটি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দেশবরেণ্য আলেম-ওলামা বক্তৃতা দেবেন।
জাতীয় মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে, যেখানে মিসর, তুরস্ক, পাকিস্তান ও লেবাননের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।
এছাড়া কিরাত, হামদ-নাত, কবিতা পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার মতো নানা কর্মসূচি দেশের বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলামিক ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়গুলোতে অনুষ্ঠিত হবে।
পবিত্র দিবসটি শান্তিপূর্ণভাবে পালনে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীসহ প্রধান শহরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে, যাতে ধর্মীয় অনুষ্ঠান ও শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়।
মন্তব্য করুন
