সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার ঝুঁকিতে দেশের আরও ৫ জেলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৭:৪৭ এএম
সংগৃহীত
expand

দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অব্যাহত থাকার মধ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি কমলেও কিছু নদীর পানি বেড়েছে। একই সঙ্গে নতুন কয়েকটি এলাকায় নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে গোমতী নদীর পানি বেড়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। ফলে এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপরে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীতীরবর্তী নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের ধলাই ও খোয়াই নদীর পানি কমলেও মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি কিছুটা বেড়েছে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। এতে এসব এলাকার বন্যা পরিস্থিতিরও ধীরগতিতে উন্নতি হতে পারে।

তবে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank