সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০২ ভরি স্বর্ণ ও সম্পদের উৎস জানালেন নিপুন রায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ এএম
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুন রায় চৌধুরী ।। ফাইল ছবি
expand
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুন রায় চৌধুরী ।। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন নিপুণ রায় চৌধুরী। তিনি হলফনামায় উল্লেখ করেন তাঁর নিজের নামে ৫০২ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না রয়েছে। এছাড়া তার স্বামী অমিতাভ রায়ের নামেও রয়েছে একই ধরনের আরও ১০০ ভরি গয়না।

নিপুণ রায়ের বিবরণীতে থাকা ৫০২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

রোববার (২৬ এপ্রিল) কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় সংস্কার কাজে অনুদান দিতে গিয়ে স্বর্ণের বিষয়ে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

নিপুন রায় বলেন, ‘ঘোষিত স্বর্ণালংকার নতুন কোনো সম্পদ নয়। বিয়ের আগে ও পরে, পাশাপাশি পরবর্তী সময়ে পরিবার, শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া এসব গয়নার তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে।

তিনি জানান, ২০২৪ সালের আয়কর রিটার্নেও এই সম্পদের বিবরণ ছিল। বর্তমান বাজারদরে স্বর্ণালংকারসহ অন্যান্য ধাতুর মূল্য প্রায় ১০ কোটি টাকা হিসেবে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

তার হলফনামায় একটি ফ্ল্যাট, দুটি গাড়ি এবং বিভিন্ন ব্যাংক ঋণের কথাও উল্লেখ আছে। এর মধ্যে একটি গাড়ির ঋণ এরইমধ্যে পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বর্তমানে প্রায় ৫০ লাখ টাকার কার লোন এবং ২০ লাখ টাকার ব্যক্তিগত ঋণের তথ্যও প্রকাশ করা হয়েছে।

নিজের রাজনৈতিক ও পারিবারিক পটভূমির প্রসঙ্গ টেনে নিপুন রায় বলেন, তারা স্বচ্ছ ও সততার রাজনীতি করতে চান এবং নিজের সম্পদের তথ্য গোপন না করে প্রকাশ করেছেন। তার বাবা সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। একই সঙ্গে শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায়–এর রাজনৈতিক জীবন নিয়েও আস্থা প্রকাশ করেন তিনি।

হলফনামায় নিপুন রায় নিজের পেশা আইনজীবী উল্লেখ করেছেন। বছরে তার আয় ২৬ লাখ টাকা। এছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে বছরে আরও প্রায় সাড়ে চার লাখ টাকা আয় করেন। তার স্বামী অমিতাভ রায়ের পেশা ব্যবসা হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়া নিপুন রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির একজন সদস্য। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলায় রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করা নিপুন রায় পেশায় একজন আইনজীবী। রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়ায় তিনি প্রত্যক্ষভাবে রাজনীতিতে সক্রিয়। ইডেন মহিলা কলেজের সাবেক এই শিক্ষার্থী ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন