

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরুণ নেতাদের সমালোচনা করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেছেন, ‘এনসিপির তরুণেরা ছদ্ম। কেউ কিন্তু এ বিষয়ে কিছু বলেনি।’
সোমবার (১০ আগস্ট) একটি গণমাধ্যমের কার্যালয়ে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দেশে কী ধরনের সংস্কার প্রয়োজন, সে বিষয়ে সুস্পষ্ট তালিকা তৈরির আহ্বান জানিয়ে সলিমুল্লাহ খান বলেন, শুধু ‘সংস্কার’ শব্দটি ব্যবহার করলেই হবে না। রাষ্ট্রব্যবস্থা থেকে শিক্ষাব্যবস্থা পর্যন্ত কোন কোন ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নির্দিষ্ট করতে হবে।
তিনি বলেন, ‘রিফর্ম’ আর ‘ট্রান্সফর্ম’-এর মধ্যে পার্থক্য আছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন রাস্তাঘাটে ‘স্বাধীনতা এনেছে সংস্কার ও আন্দোলন’ লেখা দেখা গেছে। এতে মনে হয়েছে, যেন এই আন্দোলনের লক্ষ্যই ছিল সংস্কার।
সলিমুল্লাহ খান বলেন, ‘সংস্কার করতে হলে একটা তালিকা থাকতে হবে তো—কী সংস্কার করতে চাই?’
রাষ্ট্রের শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দেশ প্রেসিডেন্ট পদ্ধতিতে চলবে, নাকি প্রধানমন্ত্রী পদ্ধতিতে—কার ক্ষমতা বেশি থাকবে, নাকি দুজনের ক্ষমতা সমান হবে, সেটিও সংস্কারের আলোচনায় আসতে হবে। দেশের শিক্ষাব্যবস্থায় কোন ভাষা ব্যবহার করা হবে, সেটিও সংস্কারের অংশ বলে উল্লেখ করেন তিনি।
সংস্কারের একটি সুস্পষ্ট তালিকা তৈরির ওপর জোর দিয়ে সলিমুল্লাহ খান বলেন, ‘সংস্কারেরও একটা তালিকা থাকা উচিত। সংস্কারের তালিকাটি এই সভা থেকেও করতে পারেন।’
বক্তব্যের একপর্যায়ে রসিকতার আশ্রয় নিয়ে তিনি বলেন, ‘শ্বশুর বলেছিল, জামাই কথা বলতে খুব ভালো জানে। বলে—থামতে জানে তো? তো আমাদের থামতে জানতে হবে।’
এ সময় আহমদ ছফার একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘বুদ্ধিজীবীরা যা বলেছেন তা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না।’
সভায় সভাপতিত্ব করেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। সঞ্চালনা করেন বিশেষ প্রতিনিধি কাজী জেবেল।
সভায় আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং সিসিআরএসবিডির নির্বাহী পরিচালক ড. মাহফুজ পারভেজ, সাংবাদিক ও সাবেক সামরিক কর্মকর্তা আবু রুশদসহ আরও অনেকে।