সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে নেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির পিছু নেয়। একপর্যায়ে তারা গাড়িটির গতিরোধ করে। পরে মোটরসাইকেল দিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামানো হয়। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া অর্থের পরিমাণ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

রোববারই কেন বেশি টাকা ছিল

পেট্রোল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দিতে নেওয়া হতো।

শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের বিক্রির টাকা রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রোববার অন্যান্য দিনের তুলনায় বেশি টাকা বহন করা হয়।

রোববারও নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্পের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। নির্ধারিত সময়ের মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছানোর পরই দুর্বৃত্তরা গাড়িটির পথরোধ করে।

ভেতর থেকে তথ্য গেছে কি না, খতিয়ে দেখছে পুলিশ

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্প থেকে একই সময়ের মধ্যে ব্যাংকে টাকা জমা দিতে নেওয়া হতো। ফলে টাকা বহনের নির্দিষ্ট সময় সম্পর্কে ছিনতাইকারীরা আগে থেকেই জানত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া রোববার শুক্র ও শনিবারের দুই দিনের টাকা একসঙ্গে ব্যাংকে নেওয়া হবে, এই তথ্য দুর্বৃত্তদের কাছে আগে থেকেই ছিল কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

টাকা বহনের নির্দিষ্ট সময়, ব্যবহৃত রুট এবং ব্যাংকে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে পেট্রোল পাম্পের ভেতর থেকে কেউ তথ্য সরবরাহ করেছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

এখনো শনাক্ত হয়নি দুর্বৃত্তরা

ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন দিক থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।

ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট তদন্ত করছে।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক আহমেদ বেগ বলেন, এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তবে আমাদের একাধিক ইউনিট কাজ করছে। আশা করি শিগগির আসামি গ্রেফতার ও রহস্য উন্মোচন হবে।

তাসীন আক্তার হক ডেলের মা প্রয়াত খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১-১৯৯৬ মেয়াদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তৎকালীন বিএনপি সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেন খুরশীদ জাহান হক। তিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন