

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশির সময় চালক গাড়িটি ফেলে পালিয়ে গেছেন। পরে ওই গাড়ি থেকে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের ১ হাজার ৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে থাকা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।
পরে গাড়িটি আরও বিস্তারিত তল্লাশি করে তিনটি মুঠোফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস হাউস ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে এসব স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
উদ্ধার করা স্বর্ণ, পণ্য ও অন্যান্য সামগ্রীর ইনভেন্টরি কাস্টমস হলে সম্পন্ন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।