

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের হাত বিস্ফোরণে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তমিজ খাঁ ও তার সমর্থকদের বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় লাউখোলা এলাকায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত মান্নান সরদারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লা হাতবোমার বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তার হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, ‘বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হয়েছে। অপরজনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে।’
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ‘জাজিরায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’