

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঈদের আগের তিনদিন ও পরবর্তী তিনদিন অর্থাৎ আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। যদিও পশুবাহী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
গতকাল বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগের তিন দিন এবং পরবর্তী তিন দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে।
এছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
চিঠিতে আরও বলা হয়, পণ্য ও পশুবাহী যানবাহনে, বিশেষ করে ফিরতি পথে কোনো যাত্রী বহন করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, ঈদের আগে ও পরে নির্ধারিত সাত দিনে সমিতিভুক্ত কোনো ট্রাক, কাভার্ডভ্যান বা লরি যাতে মহাসড়কে চলাচল না করে, সে বিষয়ে কঠোরভাবে তদারকি করতে হবে।