

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিগত দুই সরকারের ব্যর্থতার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, তবে এখন পরিস্থিতির উন্নতি (রিকভারি) হচ্ছে। আমাদেরও ছোটবেলায় হাম হয়েছে, আমরা কিন্তু মারা যাইনি।
বুধবার (০৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১১তম দিনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রুমিন ফারহানার জনগুরুত্বপূর্ণ সম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে রুমিন ফারহানা হামে শিশুমৃত্যুর পরিসংখ্যান এবং টিকার তীব্র সংকটের বিষয়টি উত্থাপন করলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম কিন্তু আমারও ছোটকালে হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে।
শিশুদের হাম হয়, কিন্তু আমরা তো সব মরে যাইনি। আল্লাহ তায়ালাই আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেন।
আমাদের এখন যা হাম হচ্ছে, তা বিগত দুই সরকারের ব্যর্থতার কারণেই হয়েছে। তবে এখন রিকভারি হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি, তবে জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। মৃত্যুর পরিসংখ্যান নিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে, তা কিছুটা বিভ্রান্তিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সমীক্ষায় নিশ্চিতভাবে হামে ৪১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে আমরা এটার বিরুদ্ধে ফাইট করছি।
টিকা সংকট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেন যে তারা শূন্য মজুদ থেকে কাজ শুরু করেছিলেন। তিনি বলেন, বিগত সরকারের লুটপাট ও গাফিলতির কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল। তবে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অব্যবহৃত ৬০৪ কোটি টাকা জরুরি ভ্যাকসিন কেনায় বরাদ্দ করেছি। ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা কেনা হচ্ছে। এখন ভ্যাকসিনের মজুদ স্থিতিশীল।
মন্ত্রী সংসদকে জানান, টিকার সরবরাহ নিশ্চিত করতে সরকার বর্তমানে সিঙ্গেল ডোজের পরিবর্তে মাল্টিডোজ ভায়াল (শিশি) ব্যবহার করা হচ্ছে। আগামী ২০ এপ্রিল দেশব্যাপী বড় পরিসরে টিকাদান কর্মসূচি শুরু হবে।
এর আগে সংসদ সদস্য রুমিন ফারহানা তার প্রশ্নে ১০টি অত্যাবশ্যকীয় টিকার মজুদ শূন্য হয়ে যাওয়ার দাবি করেন এবং একটি জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য উল্লেখ করে বলেন, হামে মৃত্যুর সংখ্যা ৬১। জবাবে মন্ত্রী বলেন, টিকার মজুদ নিয়ে শঙ্কার কিছু নেই, পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য করুন
