মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে পাকিস্তানকে সেমিফাইনালে তুললেন সান্ধু

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি: সংগৃহীত
expand

নারী এশিয়া কাপের ‘ডু অর ডাই’ একাই যেন হংকংয়ের ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দিলেন পাকিস্তানি স্পিনার নাশরা সান্ধু। তার দুর্দান্ত বোলিংয়ে ৭২ রানের জয় তুলে নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। বল হাতে মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন সান্ধু।

আগের ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারের স্মৃতি নিয়ে এ ম্যাচে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। যেখানে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন শাওয়াল জুলফিকার। এ ছাড়া আয়েশা জাফর ২৬ এবং অধিনায়ক ফাতিমা সানা করেন ২৪ রান।

পাকিস্তানের ইনিংসে এই তিন ব্যাটার ছাড়া বাকিদের খুব একটা স্বস্তিতে থাকতে দেননি হংকংয়ের বোলার জয়লিন কৌর। পাকিস্তানের চারটি উইকেট তুলে নিয়ে তিনি দলকে ম্যাচে রাখার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তার বোলিংকে ছাপিয়ে ম্যাচের মূল নায়ক হয়ে ওঠেন সান্ধু।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে হংকং। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে অধিনায়ক ফাতিমা সানা ১ রান করা ব্যাটারকে ফিরিয়ে দেন। পরের ওভারের প্রথম বলেই আরেক ওপেনারকে সাজঘরে ফেরান সাদিয়া ইকবাল।

এরপর বল হাতে নেন সান্ধু। তার সামনে হংকংয়ের বাঁহাতি ব্যাটার ইয়াসমিন দাসওয়ানি ও ক্যারি চ্যান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই জুটিও বেশিক্ষণ টেকেনি। সান্ধু প্রথমে তাদের একজনকে ফেরান। এরপর মাত্র চার বলের ব্যবধানে আরও দুটি উইকেট তুলে নিয়ে হংকংয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন।

৪০ রানেই পাঁচ উইকেট হারিয়ে তখন কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় হংকং। এরপরও নিজের আক্রমণাত্মক বোলিং অব্যাহত রাখেন সান্ধু।

ইনিংসের ১৩তম ওভারে হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ওই ওভারেই নিজের ষষ্ঠ উইকেট তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েন এই স্পিনার।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের মাইলফলক পেরিয়ে ছয় উইকেট নেন সান্ধু। ৪ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট—পাকিস্তানের নারী ক্রিকেটে এটিই এখন সেরা বোলিং ফিগার।

সান্ধুর বিধ্বংসী স্পেলের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়ে হংকং। ১৯ ওভার ব্যাট করে ৭১ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ফলে ৭২ রানের বড় জয় নিয়ে এশিয়া কাপের শেষ চারে জায়গা করে নেয় পাকিস্তান।

সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে ভারতের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের ফলের পরই জানা যাবে, শেষ চারে ভারতের মুখোমুখি হবে কোন দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank