বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ি বাদ দিয়ে গণপরিবহন ব্যবহারের নির্দেশ 

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম
বাংলাদেশ ব্যাংক লোগো ।। ফাইল ছবি
expand
বাংলাদেশ ব্যাংক লোগো ।। ফাইল ছবি

বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে সম্ভাব্য জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশের ব্যাংকিং খাতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনায় সব তফসিলি ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে কঠোর মিতব্যয়িতা অনুসরণের কথা বলা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-১) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

এতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে উঠেছে।

নির্দেশনায় বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা, উপশাখা এবং অন্যান্য অফিসে বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে। অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত রাখতে হবে। দিনের আলোকে সর্বোচ্চ কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। পাশাপাশি এসির তাপমাত্রা কোনো অবস্থাতেই ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।

জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রেও ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের যানবাহন ব্যবহারে জ্বালানি খরচ কমাতে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।

একই সঙ্গে সম্ভব হলে কার-পুলিং বা শেয়ারিং পদ্ধতিতে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় ভ্রমণ ও আনুষঙ্গিক ব্যয় সীমিত রাখার কথাও বলা হয়েছে।

ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আলোকসজ্জা ও প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি ও বিধিনিষেধ মানতে হবে। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার পাশাপাশি জেনারেটর ব্যবহারের সময় জ্বালানি খরচ কমানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার লেটারের নির্দেশনাগুলোও যথাযথভাবে অনুসরণের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup