

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রংপুর-৪ আসনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ এনেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। তার দাবি, ১১ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী করতে প্রশাসনিকভাবে ফলাফল প্রভাবিত করা হয়েছে।
তার এমন অভিযোগের পর আসনটিতে ফলাফল নিয়ে ভোট পরবর্তী সময়ে পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। নির্বাচনের ফল বাতিল করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে কর্মী সমর্থকদের নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির এই প্রার্থী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের কাউনিয়া উপজেলা বাস স্ট্যান্ডে সড়ক অবরোধ করে ভোট পুনরায় গণনার দাবিতে অবরোধ করেন এমদাদুল হক ভরসা সমর্থিত নেতাকর্মীরা।
এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রামের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া প্রায় চার ঘন্টার এই অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিএনপির প্রার্থী ভরসা অভিযোগে করে বলেন, নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এনসিপির প্রার্থী আখতার হোসেনকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পাল্টাতে সহযোগিতা করে। ভোট গণনার সময় স্বচ্ছতা ছিল না।
তিনি আরও অভিযোগ করে বলেন, আমার এজেন্টদের গণনার সময় দূরে রাখা হয়, যেখানে ভোটের ব্যবধান কম, সেখানে এতগুলো ভোট বাতিল হওয়া স্বাভাবিক বিষয় নয়। বিএনপি'র এই নেতার দাবি, ভোট পুনরায় গণনা করে যে ফলাফল আসবে সেই রায় মেনে নিবেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে আগামীকাল সকাল এগারোটায় সর্বস্তরের সকল জনগণকে সাথে নিয়ে ডিসি অফিসের সামনে অবরোধের ঘোষণা দেন তিনি। ভোট পুনরায় গণনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে, নির্বাচন কমিশন আমাদের জানাবেন। সেই প্রক্রিয়াটি অনুসরণ করে পরবর্তী গণনার বিষয়টি ওনাদের আইনিভাবে ও চিঠির মাধ্যমে জানানো হবে বলেন তিনি।
এদিকে এ ঘটনায় ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করে বলেন, এমদাদুল হক ভরসা পরাজিত হয়ে হারাগাছ এলাকায় সন্ত্রাসী বাহিনী দ্বারা এনসিপির কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়েছেন। বিষয়টি আমরা প্রশাসনকে জানালেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। হারাগাছ পৌর এলাকায় এনসিপির কর্মী সমর্থক ও ভোটাররা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি জামায়াত জোটের শাপলা কলির প্রার্থী আখতারের।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা ৮ হাজার ৩৩১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।
মন্তব্য করুন