বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে দুপুর পৌনে ১টার দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

এদিকে, সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়ায় বিভিন্ন কাজে সেখানে প্রবেশ করতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। অনেক লোককে বাইরে অপেক্ষা করতে দেখা যায়। প্রবেশের আশায় তারা সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে ভিড় করে আছেন।

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন