শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউতে পাকিস্তান হাইকমিশনার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১১:০৩ পিএম
ইমরান হায়দার| ছবি: সংগৃহীত
expand
ইমরান হায়দার| ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন দেশটির হাইকমিশনার ইমরান হায়দার। একই ঘটনায় অসুস্থ হওয়া তার স্ত্রী নাইমা ইমরান বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। পরে বালতি ও মগে পানি দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের পর বিশেষ যন্ত্রের মাধ্যমে ভবনের ভেতরের ধোঁয়া বের করে দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেলিভিশনে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণের সময় এবং পরে হাইকমিশনার ও তাঁর স্ত্রী মোটামুটি সুস্থ ছিলেন। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

সন্ধ্যায় কন্টিনেন্টাল হাসপাতালের অ্যাডমিশন বিভাগ জানায়, হাইকমিশনার ইমরান হায়দার বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর স্ত্রী নাইমা ইমরান কেবিনে ভর্তি আছেন।

প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের ধারণা, বাসার একটি টেলিভিশনে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে আরও তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন