

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাত্রীসহ ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের একটি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বিআরটিএ। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩টার দিকে রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ী-ব-১১-০০২৪ নম্বর মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি চিঠি জারি করেন তিনি।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে গোয়ালন্দের দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় রাজবাড়ী-ব-১১-০০২৪ নম্বর সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। সর্বশেষ উদ্ধার অভিযানের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত।
চিঠিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ২৪ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর বিধি ৪৬ ও ৪৭ অনুযায়ী উক্ত বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বাসটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিআরটিএ রাজবাড়ী কার্যালয়ে উপস্থিত হয়ে কেন রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না-সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ চিঠির অনুলিপি বিআরটিএর সদর দপ্তর, ঢাকা বিভাগ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২৫ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারী, শিশু ও বাসচালকসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মন্তব্য করুন