বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পন্টুনে উঠতেই পদ্মায় যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযানে ‘হামজা’

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম
উদ্ধারকারী জাহাজ হামজা
expand
উদ্ধারকারী জাহাজ হামজা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে।

জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি নদীর গভীরে তলিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই দৌলতদিয়া ফেরিঘাটে অবস্থানরত উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ২টা ১০ মিনিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে প্রায় ৫৬ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখনও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা কাজ করলেও ব্যস্ততার কারণে এ বিষয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), গোয়ালন্দ ঘাট থানা বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের স্বজনরা ফেরিঘাট এলাকায় ভিড় জমিয়ে প্রিয়জনদের খোঁজে উদ্বেগ ও উৎকণ্ঠায় অপেক্ষা করছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন