

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে আপত্তিকর পোস্ট দিয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) ইব্রাহীম আলম ভূঁইয়াকে চাকরি থেকে বরখাস্ত করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িক বরখাস্ত হওয়া সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম আলম ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট) এমপ্লয়িজ (শৃঙ্খলা ও আপিল) রুলস, ১৯৮৩-এর বিধি ২(৪) ও ৩(বি) অনুযায়ী আনা অভিযোগের ভিত্তিতে বিধি ৪(১)(জি) অনুসারে তাকে ১৪ জুলাই থেকে চাকরি থেকে বরখাস্ত (ডিসমিসাল ফ্রম সার্ভিস) করা হয়েছে।
এর আগে গত ৫ মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সে সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ইব্রাহীম আলম ভূঁইয়া ফেসবুক পোস্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
এ ছাড়া ব্যক্তিস্বার্থে সুপ্রিম কোর্টের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের বিরুদ্ধে মিথ্যা ও অসত্য তথ্য প্রচারের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ নির্দেশনা অমান্য করতে অন্য কর্মচারীদের প্ররোচিত করে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যা অফিস শৃঙ্খলার পরিপন্থি এবং গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত।
অভিযোগের পর প্রথমে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসন শাখায় সংযুক্ত করা হয়। পরে বিভাগীয় তদন্ত চলাকালে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।