

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। এলাকাবাসী ঘাটে জড়ো হয়েছেন। উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছেছেন।
প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পল্টুন থেকে সরাসরি নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫-৬ জন যাত্রী সাঁতার কেটে তীরে আসতে পেরেছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম যাচ্ছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল আসছে। তারা উদ্ধার অভিযানে অংশ নেবে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য করুন