মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১২:১০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপদ আশ্রয়ে সরে যান।

নিহত ওই ব্যক্তির নাম মান্নান সরদার (৭০)। তিনি পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি গ্রামের আলিউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তার সমর্থকদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ ককটেল নিক্ষেপ শুরু করলে এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মান্নান সরদারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, তমিজ খাঁ গ্রুপের সমর্থক রিপন মোল্লা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণের আঘাতে তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোমান বাদশাহ জানান, বোমা বিস্ফোরণের আঘাতে দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং অপরজনকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, জাজিরায় সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন