মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।  ছবি: সংগৃহীত
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকের পর দিল্লি গিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করেছে ঢাকা। ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার বিষয়ে দিল্লির সিদ্ধান্তের কারণে ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতি ঘটেছে। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হলো।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই দেশটিতে বসে তার ‘উসকানিমূলক বক্তব্য’ প্রদান ও রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য ভারতের প্রতি বারবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে এসব আহ্বানে দিল্লির পক্ষ থেকে ইতিবাচক কোনও সাড়া পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরও উপস্থিত ছিলেন।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের কাছে এই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি, ভারত এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে।’

গত ৫ আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদের স্পষ্ট অবস্থান তুলে ধরেছে।

তিনি বলেন, ‘আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্টভাবে ব্যক্ত করেছি। তারা বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গেই উপলব্ধি করেছে। তারা গতকাল (রোববার) আমাকে এবং আজ (সোমবার) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি জানিয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন