

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোণায় সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে সাদিয়া আক্তার (২২) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
আটক সাদিয়া আক্তার নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া আক্তার কুড়পাড় এলাকার কয়েকজনকে বর্তমান সরকারের কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তারা সাদিয়াকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে নেত্রকোণা এনসিপির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি অবগত নন। তবে কেউ এ ধরনের অপরাধ করে থাকলে এর দায় সংগঠন নেবে না; এটি ওই ব্যক্তির ব্যক্তিগত দায়।
তিনি আরও বলেন, সাদিয়া আক্তার যদি সত্যিই এ অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়া উচিত এবং তা নেয়া হবে।
এ বিষয়ে নেত্রকোণা সদর সার্কেলের কর্মকর্তা সজল কুমার সরকার জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তারা জানতে পেরেছেন, ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে সাদিয়া আক্তার পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে। পরবর্তীতে অভিযোগ পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


